গাড়ির ফিটনেসে গরমিল? ক্যামেরার নজর এড়ানো এবার কঠিন, মা উড়ালপুলে নতুন ব্যবস্থা! – এক ঝলক

একঝলক ডেস্ক:
কলকাতা ট্রাফিক পুলিশ এবার মা উড়ালপুলে শুরু করতে চলেছে অত্যন্ত আধুনিক ডিজিটাল নজরদারি ব্যবস্থা। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (এনআইসি)-এর সঙ্গে যৌথ চুক্তিতে বাস্তবায়িত হতে যাওয়া এই পাইলট প্রকল্পে এএনপিআর (অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন) ক্যামেরা ব্যবহার করা হবে। গাড়ির নম্বর প্লেট স্ক্যান করে সরকারি রেকর্ডের মাধ্যমে রিয়েল টাইমে জানা যাবে পলিউশন কন্ট্রোল (পিইউসি) ও ফিটনেস সার্টিফিকেটের সঠিক মেয়াদ। নথি আসাম্পূর্ণ বা মেয়াদ উত্তীর্ণ হলে সরাসরি অনলাইনেই পৌঁছে যাবে ই-চালান বা জরিমানা, যার ফলে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তল্লাশির ঝক্কি অনেকটাই দূর হবে। এই প্রযুক্তি সফল হলে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক ও উড়ালপুলেও একই ব্যবস্থা কার্যকর করার পরিকল্পনা রয়েছে ট্রাফিক বিভাগের।
একই সাথে মা উড়ালপুলে গাড়ি বিকল হয়ে তৈরি হওয়া তীব্র যানজট নিরসনে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। পূর্বে ফ্লাইওভারে কাট-আউট পয়েন্টের সংখ্যা ছিল ৩টি, যা বাড়িয়ে বর্তমানে ৬টি করা হয়েছে। উড়ালপুলে চলাচলকারী কোনো গাড়ি হঠাৎ খারাপ বা বিকল হয়ে পড়লে সেটিকে দ্রুত মূল ট্র্যাফিক লেন থেকে সরিয়ে এই কাট-আউটগুলিতে রাখা সম্ভব হবে। এই উন্নত ব্যবস্থা কার্যকর হলে মা উড়ালপুলে বিকল গাড়ির কারণে যান চলাচল ব্যাহত হওয়ার সমস্যা বহুলাংশে কমানো যাবে বলে আশা করছেন পুলিশ আধিকারিকেরা।