‘অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’, হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ঢাকায় স্পষ্ট বার্তা ভারতীয় রাষ্ট্রদূতের

২০২৪ সালের অগস্টে গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে অবতরণের অনুমতি দেওয়া ছাড়া ভারতের কাছে অন্য কোনো উপায় ছিল না বলে স্পষ্ট জানালেন ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। শনিবার ঢাকায় আয়োজিত এক আলোচনাসভায় তিনি জানান, তৎকালীন পরিস্থিতিতে শেখ হাসিনাকে ভারতে অবতরণ করতে না দিলে সম্পূর্ণ ভিন্ন ও অনভিপ্রেত এক পরিস্থিতি তৈরি হতে পারত।
অনুষ্ঠানে হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা সংক্রান্ত প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জানান, বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছে।ভারত সরকারের বিদেশ মন্ত্রকের নির্দিষ্ট কাঠামো মেনেই কাজ চলছে, তবে একাধিক জটিলতা জড়িত থাকায় নির্দিষ্টভাবে কোনো সময়সীমা বলা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
এর পাশাপাশি দীনেশ ত্রিবেদী মনে করিয়ে দেন, ভারতীয় সেনা বা বায়ুসেনা শেখ হাসিনাকে ঢাকা থেকে নিয়ে আসেনি;তিনি সে দেশের সামরিক বিমানেই ভারতে পৌঁছান। আচমকা তৈরি হওয়া ওই পরিস্থিতিতে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাস্তবতা মেনে নেওয়া ছাড়া ভারতের হাতে বিকল্প কোনো পথ ছিল না বলেই জানান তিনি।