নজিরবিহীন উদ্যোগ! ডিউটি শেষ করে নিজের বাড়িতেই বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার পাঠশালা চালাচ্ছেন ডব্লিউবিসিএস অফিসার

প্রশাসনিক ব্যস্ততা আর কড়া রুটিনকে বুড়ো আঙুল দেখিয়ে সমাজের প্রতি অদ্ভুত এক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে চলেছেন বাঁকুড়া ২ ব্লকের তিলাবেদিয়া গ্রামের কৃতি সন্তান তথা WBCS আধিকারিক অর্কপ্রভ সিনহা। বর্তমানে দুর্গাপুরে জিএসটি (GST) দপ্তরের স্টেট ট্যাক্স অফিসারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও, নিজের ছুটির প্রতিটি মুহূর্ত তিনি উৎসর্গ করেছেন গ্রামের গরিব ও মেধাবী ছেলেমেয়েদের ভবিষ্যৎ গড়তে।
করোনার লকডাউন থেকেই এই মহৎ যাত্রার শুরু। স্থানীয় যুবক-যুবতীদের অনুরোধে নিজের বাড়িতেই সম্পূর্ণ বিনামূল্যে একটি বিশেষ পাঠশালা চালু করেন অর্কপ্রভ। কোনো রকম আর্থিক পারিশ্রমিক ছাড়াই প্রতিযোগিতামূলক পরীক্ষার নিখরচায় প্রশিক্ষণ দেওয়া শুরু করেন তিনি। তাঁর এই নিঃস্বার্থ প্রচেষ্টার সুফলও মিলছে হাতেনাতে। ইতিমধ্যেই তিলাবেদিয়া ও পার্শ্ববর্তী এলাকার বহু অভাবী তরুণ-তরুণী পশ্চিমবঙ্গ পুলিশ, ভারতীয় সেনাবাহিনী সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি পেয়ে নিজেদের পায়ে দাঁড়িয়েছেন।
শুধু মুখস্থ বিদ্যা বা পড়ানোই নয়; বহু গরিব শিক্ষার্থীর পরীক্ষার ফর্ম ফিলাপের খরচ থেকে শুরু করে প্রয়োজনীয় বইপত্র কিনে দেওয়ার দায়িত্বও হাসিমুখে নিজের কাঁধে তুলে নেন এই জনদরদি আধিকারিক। শত ব্যস্ততার মাঝেও গ্রামের ছেলে-মেয়েদের অন্ধকার থেকে আলোর পথ দেখাতে অর্কপ্রভ সিনহার এই নিরলস প্রয়াস এখন গোটা রাজ্যজুড়েই ব্যাপক প্রশংসার ঝড় তুলেছে। এলাকার মানুষ ও ছাত্রছাত্রীরা তাঁকে ভালোবেসে আজ ‘পরশপাথর’ বলেই ডাকছেন।