ট্রেনের ধাক্কায় মরল ছাগল! চালককে কলার ধরে বেদম মারধর মালিকের, ভাইরাল ভিডিয়ো

ট্রেনের ধাক্কায় মরল ছাগল! চালককে কলার ধরে বেদম মারধর মালিকের, ভাইরাল ভিডিয়ো

ট্রেনের ধাক্কায় সাধের ছাগল মৃত্যু হয়েছে— এই খবর পেতেই রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন পোষ্যের মালিক। দলবল নিয়ে সোজা ট্রেন আটকে চালকের উপর চড়াও হন তিনি এবং তাঁকে বেদম মারধর করেন বলে অভিযোগ। সম্প্রতি বাংলাদেশের একটি চাঞ্চল্যকর ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে।

রেললাইনের ধারে ফাঁকা জমিতে হামেশাই গোরু-ছাগল চড়ানো হয়। অনেক সময় পোষ্যকে খুঁটিতে বেঁধে রেখে চলে যান মালিকরা, আর সেই ছাগল বা গোরু খুঁটি উপড়ে অনেক সময় রেললাইনে চলে আসে। অতীতেও এমন বহু দুর্ঘটনা ঘটেছে। অনুমান করা হচ্ছে, আলোচ্য ঘটনাটিতেও ওই ছাগলটি অসাবধানতাবশত রেললাইনে চলে এসেছিল এবং তীব্রগতির ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়।

প্রিয় পোষ্যের মৃত্যুর খবর পেতেই ছাগলের মালিক দলবল নিয়ে চড়াও হন চালকের উপর। ভাইরাল হওয়া মাত্র ৩৪ সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে উঠে চালকের কলার ধরে টানছেন এক ব্যক্তি। তাঁকে কিল-চড়ও মারা হচ্ছে। নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও দলবলের সামনে অসহায় হয়ে পড়েন চালক।

যদিও বাংলাদেশের ঠিক কোন এলাকায় এই ঘটনা ঘটেছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, ট্রেনটি ঈশ্বরদীর দিকে যাচ্ছিল এবং ঠাকুরগাঁও স্টেশনের কাছে এই কাণ্ড ঘটে। তবে স্থানীয় প্রশাসন বা রেল কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

এদিকে এই ভিডিয়ো ভাইরাল হতেই তীব্র নিন্দা শুরু হয়েছে নেটদুনিয়ায়। নেটিজ়েনদের স্পষ্ট মত, বাস বা গাড়ির মতো ট্রেন এক নিমেষে থামানো সম্ভব নয়; ব্রেক কষে ট্রেন থামাতে নির্দিষ্ট সময় ও দূরত্বের প্রয়োজন হয়। এই ঘটনায় চালকের কোনো দোষ দেখছেন না সাধারণ মানুষ। উল্টে, রেললাইনের ধারে অসাবধানতার সঙ্গে পশু চড়ানোর জন্য মালিকেরই কঠোর শাস্তির দাবি তুলেছেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *