মুম্বইয়ে নিষিদ্ধ এলাকায় জমায়েত! সিজেপি-র মেগা প্রটেস্টের পরেই কড়া পদক্ষেপ নিল পুলিশ, নামল এফআইআর

মুম্বইয়ে নিষিদ্ধ এলাকায় জমায়েত! সিজেপি-র মেগা প্রটেস্টের পরেই কড়া পদক্ষেপ নিল পুলিশ, নামল এফআইআর

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পুলিশের পূর্বানুমতি ছাড়াই মুম্বইয়ের ঐতিহাসিক শিবাজি পার্কে বিশাল বিক্ষোভ দেখানোর জেরে আইনি বিপাকে পড়ল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। দলের প্রধান অভিজিৎ দীপক সহ প্রায় ৫০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে একটি কঠোর এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে শিবাজি পার্কে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে ওই এলাকায় জমায়েত বা বিক্ষোভ প্রদর্শনের কোনো অনুমতি নেই। কিন্তু সেই নির্দেশকে উপেক্ষা করেই বিপুল সংখ্যক সমর্থক সেখানে জড়ো হন। অনুমতি ছাড়াই জনসভা আয়োজন, স্লোগান দেওয়া এবং লাউডস্পিকার ব্যবহারের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

শিবাজি পার্ক থানায় দায়ের হওয়া এই এফআইআর-এ সিজেপি প্রধান অভিজিৎ দীপক ছাড়াও অজিঙ্ক্যা শিন্ডে, প্রণয় আহিরে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসের মতো হেভিওয়েট নাম রয়েছে। পাশাপাশি আফরিন নওয়াজ, সৌম্য কোর্দে, অঙ্কিত ভরদ্বাজ, বিজয় মালগি এবং যোগেশ ইঙ্গলের মতো নেতারাও এই তালিকার অন্তর্ভুক্ত।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৯(২) ও ২২৩ ধারা এবং মহারাষ্ট্র পুলিশ আইনের ৩৭(১), ৩৭(৩) ও ১৩৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করছে মুম্বই পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *