যাদবপুরে সোমবার বড় সমীকরণ: ‘বহিরাগত’ নেহা বোরাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যায়লে ফের রাজনীতির পারদ উর্ধ্বমুখী! – এক ঝলক

একঝলক ডেস্ক:
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর উদ্যোগে ‘জেনজি আন্দোলন: প্রজন্ম ও প্রতিরোধের ঐক্য’ শীর্ষক এক কনভেনশনের আয়োজন করা হয়েছে। আগামী ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেপি বসু মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হতে যাওয়া এই কর্মসূচিতে জাতীয় শিক্ষা নীতি ২০২০ বাতিল, এনটিএ এবং আইএসআই বিল বাতিলের দাবিতে আলোচনা অনুষ্ঠিত হবে। আয়োজকদের প্রকাশিত পোস্টার অনুযায়ী, এই অনুষ্ঠানে আইসার সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরাসহ এআইডিএসও, এসআরএফটিআই এবং এসএফআইয়ের শীর্ষ নেতৃত্বরা বক্তব্য রাখবেন।
তবে উচ্চ আদালতের নির্দেশিকা লঙ্ঘন করে বিশ্ববিদ্যালয়ে ‘বহিরাগত’ রাজনৈতিক ব্যক্তিত্বকে আনা হচ্ছে—এমন অভিযোগ তুলে তীব্র আপত্তি জানিয়েছে এবিভিপি। সংগঠনের যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি নিখিল দাস কর্তৃপক্ষকে ইমেলের মাধ্যমে বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতির বিষয়ে প্রশ্ন তুলেছেন। যদিও এই কর্মসূচিকে প্ররোচনার ফাঁদ আখ্যা দিয়ে তারা কোনো পাল্টা আন্দোলন কর্মসূচি না করার সিদ্ধান্ত নিয়েছে, তবে এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের সার্বিক রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে।