স্পিকারের নির্দেশে বিতর্কিত নিয়োগ, লোকসভার স্ট্যান্ডিং কমিটির রদবদল নিয়ে স্পিকারকে তোপ অভিষেকের! – এক ঝলক

একঝলক ডেস্ক:
লোকসভার স্ট্যান্ডিং কমিটিতে বড়সড় রদবদল ঘিরে তুঙ্গে উঠল রাজনৈতিক বিতর্ক। কেমিক্যাল ও ফার্টিলাইজার সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে তৃণমূল সাংসদ কীর্তি আজাদকে সরিয়ে বসানো হয়েছে বিদ্রোহী শিবিরের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে, যা নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে কড়া চিঠি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠিতে অভিষেকের মূল প্রশ্ন, দলত্যাগ বিরোধী আইনে যাঁর সাংসদ পদ খারিজের আবেদন এখনও স্পিকারের কাছে বিচারাধীন, তাঁকে কোন যুক্তিতে বা কোন দলের কোটায় এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হল? তিনি এটিকে সংসদীয় রীতির পরিপন্থী উল্লেখ করে অবিলম্বে এই নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন।
অপরদিকে, রাজ্যসভার বাণিজ্য সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির প্রধান পদ থেকেও তৃণমূল সাংসদ দোলা সেনকে সরিয়ে বিজেপির সুধাংশু ত্রিবেদীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংসদের দুই কক্ষেই দল কোণঠাসা ও বঞ্চনার শিকার হচ্ছে দাবি করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যসভার তৃণমূল দলনেতা ডেরেক ও’ব্রায়েনও। তাঁর অভিযোগ, তৃতীয় বৃহত্তম দল হওয়া সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূলকে বাদ রেখে সংসদীয় কমিটি গঠন করা হয়েছে, যা গণতান্ত্রিক কাঠামোর প্রতি স্পষ্ট অবমাননা। দলীয় পরিচয় এবং সাংসদ পদ সম্পর্কিত মামলা ঝুলে থাকা সত্ত্বেও এই রদবদল সংসদীয় রাজনীতিতে নতুন বিতর্ক ও আইনি জট তৈরি করেছে।