জওয়ানের শহিদ দেহ ফিরছিল অ্যাম্বুল্যান্সে, পথেই ভয়াবহ দুর্ঘটনা! এক নিমেষে শেষ পরিবারের সব পুরুষ সদস্য

উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় নেমে এসেছে চরম শোকের ছায়া। চণ্ডীগড় থেকে শহিদ সুবেদার মেজর সত্যবানের দেহ অ্যাম্বুল্যান্সে করে নিজ গ্রামে নিয়ে যাওয়ার পথে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অযোধ্যা-সুলতানপুর সীমানায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অ্যাম্বুল্যান্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে চালক সহ শহিদ জওয়ানের ছেলে, ভাই এবং ভাগ্নে প্রাণ হারান। এই মর্মান্তিক ঘটনায় একই পরিবারের সকল পুরুষ সদস্যের অকালপ্রয়াণে গোটা এলাকায় গভীর শোকের আবহ তৈরি হয়েছে।
দুর্ঘটনাস্থলেই শহিদের ছেলে ২৮ বছর বয়সি গৌরব সিং এবং চালক জসপালের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন চলাকালীন শেষনিঃশ্বাস ত্যাগ করেন শহিদের ভাই রঞ্জন চৌধুরী ও ভাগ্নে রাম সমুঝ সিং। পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং শহিদ জওয়ানের দেহ আপাতত স্থানীয় থানায় সংরক্ষিত রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর পাঁচটি শিশুকায় দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।