‘ভোটাধিকার কেড়ে নেওয়া মানে সংবিধানের হৃদয়ে আঘাত!’ সুপ্রিম কোর্টের বিচারপতির বিস্ফোরক মন্তব্য

‘ভোটাধিকার কেড়ে নেওয়া মানে সংবিধানের হৃদয়ে আঘাত!’ সুপ্রিম কোর্টের বিচারপতির বিস্ফোরক মন্তব্য

ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ দেওয়া এবং ভারতীয় নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার পদক্ষপকে ‘সংবিধানের হৃদয়ে আঘাত’ বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া। হায়দরাবাদে এনএএলএসএআর আইন বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানান, ভারতীয় সংবিধানে ভোটাধিকারপ্রাপ্ত ও ভোটাধিকারহীন—এমন দুই শ্রেণির নাগরিকের কোনো বিধান নেই। যদি কোনো প্রক্রিয়ার ফলে লক্ষ লক্ষ মানুষ নিজস্ব দেশেই ভোটাধিকার হারিয়ে দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হন, তবে সেই স্বেচ্ছাচারী পদক্ষেপের কোনো যৌক্তিকতা থাকতে পারে না। এটি দেশের সাংবিধানিক কাঠামোরই সম্পূর্ণ পরিপন্থী।

বিচারপতি ভূঁইয়া আরও উল্লেখ করেন যে, সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া শরীর থেকে আত্মাকে উপড়ে ফেলার মতো সমান অপরাধ। এ জাতীয় সিদ্ধান্ত সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদে উল্লিখিত সমতার অধিকার এবং ৩২৬ নম্বর অনুচ্ছেদের সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের নীতিকে সরাসরি লঙ্ঘন করে। কোনো কর্তৃপক্ষই এই কাজ করতে পারে না এবং কোনো আদালতও এমন সিদ্ধান্তকে সমর্থন জানাবে না। নাগরিক অধিকার নিয়ে এমন কড়া প্রতিক্রিয়া জানালেও, সুপ্রিম কোর্টের এই বিচারপতি তাঁর দীর্ঘ বক্তব্যে সরাসরি নির্বাচন কমিশন বা অন্য কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থেকে বিরত থেকেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *