ইতিহাসের আয়নায় তেল কূটনীতি! পশ্চিমী চাপ উপেক্ষা করে রাশিয়া প্রশ্নে কী বড় বার্তা দিলেন জয়শংকর?

ইতিহাসের আয়নায় তেল কূটনীতি! পশ্চিমী চাপ উপেক্ষা করে রাশিয়া প্রশ্নে কী বড় বার্তা দিলেন জয়শংকর?

তেল কূটনীতি এবং পশ্চিমী বিশ্বের প্রবল সমালোচনার মাঝেই রাশিয়া ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। রবিবার দিল্লিতে আয়োজিত মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে মস্কো ঐতিহাসিকভাবেই অত্যন্ত নির্ভরযোগ্য বন্ধু। ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধ এবং তৎকালীন বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট স্মরণ করিয়ে তিনি বলেন, যখন ওয়াশিংটন পাকিস্তানের সমর্থনে বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পাঠাচ্ছিল, তখনও মস্কো ভারতের পাশে দাঁড়িয়েছিল। প্রতিটি দেশ নিজের ইতিহাস ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় এবং রাশিয়া প্রশ্নে ভারতের অভিজ্ঞতা সবসময়ই ইতিবাচক।

ইউক্রেন যুদ্ধের আবহেই রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে আমেরিকা ও ইউরোপের সমালোচনার কড়া জবাব দেন বিদেশমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, বিশ্ববাজারে জ্বালানির যোগান স্থিতিশীল রাখতেই ওয়াশিংটন ভারতকে রুশ তেল কিনতে উৎসাহিত করেছিল। ভারতের প্রথম ও প্রধান অগ্রাধিকার হলো নিজের দেশের মানুষের স্বার্থ রক্ষা করা, তাই বহুবিধ উৎস থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ভারতের এই দীর্ঘদিনের অংশীদারিত্ব এখন প্রতিরক্ষা ও পরমাণু সহযোগিতার গণ্ডি ছাড়িয়ে বাণিজ্য, জ্বালানি ও সম্পদে আরও বিস্তৃত হয়েছে। একইসঙ্গে জয়শংকর পুনর্ব্যক্ত করেন যে, ভারত সর্বদা আলোচনার মাধ্যমে রক্তক্ষয়ী রুশ-ইউক্রেন যুদ্ধের অবসান চায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *