ভোটের ঠিক মুখেই বড় ধাক্কা রাজ্য সরকারের, শীর্ষ আদালতের নজিরবিহীন সিদ্ধান্তে বদলে গেল নন্দীগ্রামের ভোটের সমীকরণ!

হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী জামিন বাতিলের আর্জি খারিজ করে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে নির্বাচনে লড়াইয়ের অনুমতি দিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেয়, মিলন প্রধান আপাতত ভোটাভুটিতে অংশ নিতে পারবেন, তবে পুরো প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণ হয় সেদিকে কড়া নজর রাখতে হবে। শুনানিকালে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করে শীর্ষ আদালত প্রশ্ন তোলে, ২০০৭ সালের পুরনো মামলায় এতদিন পর গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে এত তৎপরতা কেন? এমনকী পুলিশের গাফিলতি নিয়েও কড়া মন্তব্য করেন আদালত।
সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়ে এটিকে ‘গণতন্ত্রের জয়’ বলে অ্যাখ্যা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। রাজ্য সরকারের ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ষড়যন্ত্র করে মিলন প্রধানের জামিন বাতিলের অপচেষ্টা ব্যর্থ হয়েছে। অন্যদিকে শুনানিতে রাজ্যের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা খুন ও বোমাবাজির অভিযোগ তুলে জামিন বাতিলের দাবি জানালেও তা গ্রহণযোগ্য মনে করেনি সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই সিদ্ধান্তের পর রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নন্দীগ্রামের ভোটের মাঠ এখন আরও উত্তপ্ত হয়ে উঠল।