জাতীয় সড়কে টোটোর দাপটে মাথায় হাত, পুজোর মুখেই অনির্দিষ্টকালের জন্য স্তব্ধ বাস পরিষেবা

জাতীয় সড়কে টোটোর দাপটে মাথায় হাত, পুজোর মুখেই অনির্দিষ্টকালের জন্য স্তব্ধ বাস পরিষেবা

জাতীয় সড়কে ব্যাটারি চালিত ই-রিকশা বা টোটোর অবাধ চলাচলের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে তুফানগঞ্জ মহকুমা বাস ড্রাইভার ইউনিয়ন। আদালতের স্পষ্ট নির্দেশ এবং প্রশাসনের প্রশাসনিক মাইকিং সত্ত্বেও জাতীয় সড়কে টোটোর উপদ্রব কমেনি বলে অভিযোগ বাস চালকদের। এর ফলে বাসে যাত্রী সংখ্যা ব্যাপকভাবে কমে যাওয়ায় জ্বালানি ও আনুষঙ্গিক খরচ মেটাতে গিয়ে তীব্র আর্থিক লোকসানের মুখে পড়ছেন মালিক ও চালকেরা। দিনশেষে হাতে পর্যাপ্ত অর্থ না থাকায় পুজোর মুখে ঋণের বোঝা বাড়ছে তাঁদের। আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধে প্রশাসন থেকে স্থায়ী ও সুনির্দিষ্ট সমাধান না মেলা পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে।

সোমবারে হঠাতই শুরু হওয়া এই বাস ধর্মঘটের কারণে তুফানগঞ্জে বেসরকারি বাস পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে, যা চরম দুর্ভোগে ফেলেছে সাধারণ মানুষদের। এমনকি আসাম থেকে কোচবিহার ও শিলিগুড়িগামী দূরপাল্লার বেশ কিছু বাস ঘুরিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। পর্যাপ্ত বাস না থাকায় দীর্ঘক্ষণ স্ট্যান্ডে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হন দূরপাল্লার যাত্রী, অফিসযাত্রী ও সাধারণ নিত্যযাত্রীরা। বিকল্প হিসেবে সরকারি বাস ও অন্যান্য লোকাল পরিবহনে ভিড় উপচে পড়ায় অনেকেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হন। হঠাৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় ব্যবসা, দাপ্তরিক কাজ এবং স্বাভাবিক জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *