‘মানুষের সেবা আমি জানি!’ বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভার প্রার্থী কোয়েল মল্লিক তুললেন কোন বড় প্রশ্ন?

কলকাতার মুরলিধর লেনে রাজ্য বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিলেন জনপ্রিয় অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ কোয়েল মল্লিক। তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর আজই বিজেপি প্রার্থী হিসেবে রাজ্যসভায় মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে তাঁর। এদিন রাজ্য বিজেপি কার্যালয়ে দলীয় পতাকা হাতে তুলে নেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান তিনি। কোয়েল জানান, রাজ্যসভার সদস্য ও একটি বৃহত্তর রাজনৈতিক প্ল্যাটফর্ম পেয়ে তিনি অত্যন্ত সম্মানিত বোধ করছেন এবং এর মাধ্যমে মানুষের কল্যাণে আরও কার্যকরভাবে কাজ করতে পারবেন।
যোগদানের পর নিজের রাজনৈতিক দর্শন ও সমাজসেবা নিয়ে মুখ খুলেছেন কোয়েল। তিনি জানান, ছোটবেলায় গরমের ছুটিতে মায়ের সঙ্গে মিশনারি অব চ্যারিটিতে গিয়ে মানুষের সেবা করার পাঠ পেয়েছিলেন তিনি। বর্তমান সমাজের সোশ্যাল মিডিয়ার টক্সিসিটি বা নেতিবাচকতা প্রসঙ্গে তিনি বলেন, মানুষের মানসিক সুস্থতা ও কাজের অভাবই এর মূল কারণ। কাউকে ছোট না করে রাজ্যের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই তাঁর মূল লক্ষ্য বলে স্পষ্ট জানিয়েছেন এই নতুন বিজেপি নেত্রী।