পুজোর আগেই বাংলায় ফের দুর্যোগ! কোন কোন জেলা ভাসবে বৃষ্টিতে?

দুর্গাপুজোর আনন্দ কি তবে মাটি করবে বৃষ্টি? বাংলা থেকে বর্ষা বিদায় নেওয়ার কথা থাকলেও পুজোর ঠিক মুখেই নতুন করে দুর্যোগের ভ্রূকূটি দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তির পাশাপাশি কলকাতার আকাশেও আংশিক মেঘলা থাকবে এবং দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়াও বেশ প্রতিকূল রয়েছে। সিকিমে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের জেরে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং সহ সংলগ্ন জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং দুই দিনাজপুরেও বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। উৎসবের মরশুমের ঠিক আগে আবহাওয়ার এই মেজাজ সাধারণ মানুষের মনে কিছুটা চিন্তার মেঘ তৈরি করলেও, পুজোর দিনগুলিতে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।