অন্ধ্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তৃতায় চরম হট্টগোল, রাজনৈতিক তরজায় তুঙ্গে কংগ্রেস ও চন্দ্রবাবু!

অন্ধ্রপ্রদেশের মদনাপাল্লেতে এক সভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কৃষি প্রকল্প সম্পর্কিত বক্তৃতা চলাকালীন আচমকা দর্শকদের একাংশ হইচই শুরু করে দেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে অর্থমন্ত্রীকে সাময়িকভাবে বক্তৃতা থামাতে হয়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নির্মলা সীতারমণ বারবার দর্শকদের শান্ত হওয়ার অনুরোধ জানালেও হট্টগোল অব্যাহত থাকে। শেষ পর্যন্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু নিজে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য ও কেন্দ্রীয় রাজনীতিতে তীব্র রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, কর্মসংস্থান ও চাকরির অভাব থেকে সৃষ্ট জনক্ষোভেরই বহির্প্রকাশ ঘটেছে এই সভায়। তবে কংগ্রেসের এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়ে পাল্টা তোপ দাগেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি স্পষ্ট জানান, সাধারণ মানুষের স্বাভাবিক উদ্দীপনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনক্ষোভ বলে চালিয়ে দিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে কংগ্রেস।