পুজোর আগেই নবান্নের মেগা ধামাকা! ১২ হাজার পুলিশ নিয়োগ সহ ভাতা বৃদ্ধির বড় ঘোষণা
October 6, 20268:33 am

নবান্ন: দুর্গাপুজোর আবহেই রাজ্যবাসীর জন্য বড়সড় আর্থিক ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে এল রাজ্য সরকার। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর একাধিক জনমুখী সিদ্ধান্ত ও নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়। হস্টেল ভাতা বৃদ্ধি থেকে শুরু করে বিপুল পদে নিয়োগ— উৎসবের মরশুমে নবান্নের এই সিদ্ধান্তে খুশির হাওয়া রাজ্যজুড়ে।
১. ১২ হাজার পুলিশ নিয়োগ ও ১ লক্ষ চাকরির লক্ষ্যমাত্রা
- পুলিশি ব্যবস্থাকে জোরদার করতে পুজোর আগেই প্রায় ১২,০০০ কনস্টেবল-এর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। দেবীপক্ষের প্রথম দিন (১১ অক্টোবর) প্রথম ব্যাচের হাতে ইউনিফর্ম ও অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হবে।
- পিএসসি (PSC) ও পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে মোট ১৪,৪৫০টি নতুন নিয়োগের প্রস্তাবে ছাড়পত্র মিলেছে।
- স্বাস্থ্য, বিচার বিভাগ, ফরেস্ট ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বিভাগে আগামী ৬-৮ মাসের মধ্যে এই নিয়োগ সম্পূর্ণ করা হবে।
- চলতি অর্থবর্ষের মধ্যেই সর্বমোট ১ লক্ষ চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র পৌঁছে দেওয়ার মেগা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
২. ভাতা ও সরকারের আর্থিক সাহায্যে বড় বৃদ্ধি
- কর্মবন্ধুদের বেতন বৃদ্ধি: কর্মবন্ধুদের মাসিক ভাতা ৫,০০০ টাকা থেকে বাড়িয়ে সরাসরি ৮,০০০ টাকা করা হয়েছে, যা চলতি অক্টোবর মাস থেকেই কার্যকর হচ্ছে।
- হস্টেলে খাদ্য বরাদ্দ: হস্টেলে থাকা তপশিলি জাতি ও উপজাতি (SC/ST) পড়ুয়াদের খাবার বাবদ সরকারের মাসিক অনুদান ১,৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৩০০ টাকা করা হল।
৩. নতুন স্কিম ও জরুরি পরিষেবা
- ভগিনী নিবেদিতা স্কিম: উচ্চশিক্ষায় আগ্রহী অবিবাহিত ছাত্রীদের আর্থিক স্বাবলম্বী করতে এই প্রকল্প। প্রথম দু’বছর ১৭,০০০ টাকা এবং তৃতীয় বছরে ১৬,০০০ টাকা করে অনুদান মিলবে (আগামী জানুয়ারি থেকে প্রযোজ্য)।
- জরুরি হেল্পলাইন ‘ডায়াল ১১২’: নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আগামী ১০ অক্টোবর থেকে রাজ্যজুড়ে চালু হচ্ছে এক একক জরুরি নম্বর ১১২।
উৎসবের ঠিক মুখেই রাজ্য সরকারের এই অল-ইন-ওয়ান ঘোষণায় সাধারণ মানুষ, চাকরিপ্রার্থী এবং ছাত্রছাত্রীদের বড়সড় আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত হবে।