ভোটের শুরুতেই নন্দীগ্রামে চরম উত্তেজনা! এজেন্ট বসাতে ‘বাধা’ কংগ্রেসের, রেজিনগরে পরিবার নিয়ে ভোট হুমায়ুনের

কলকাতা: রাজ্যের দুই হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্র— নন্দীগ্রাম ও রেজিনগরে শুরু হলো উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব। মঙ্গলবার সকাল ৭টা থেকে কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়েই শুরু হয়েছে এই ভোট প্রক্রিয়া। তবে ভোটের শুরুতেই নন্দীগ্রাম থেকে উঠেছে অশান্তির অভিযোগ।
নন্দীগ্রামে কংগ্রেসের গুরুতর অভিযোগ ভোটগ্রহণ শুরু হতেই নন্দীগ্রাম থেকে কংগ্রেস প্রার্থীর অভিযোগ, একাধিক বুথে তাঁদের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। এ নিয়ে কেন্দ্রটিতে ভোটের আবহ উত্তপ্ত হতে শুরু করেছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর ভবানীপুর কেন্দ্রটি নিজের কাছে রেখে নন্দীগ্রাম আসনটি ছেড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যার ফলে বিধায়ক শূন্য এই কেন্দ্রে আজ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
রেজিনগরে স্বপরিবারে হুমায়ুন কবীর অন্যদিকে, রেজিনগর বিধানসভা কেন্দ্রে সকাল সকাল পরিবারের সদস্যদের নিয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন হুমায়ুন কবীর। উল্লেখ্য, এই কেন্দ্রে হুমায়ুনের ছেলেই লড়াই করছেন ‘আম জনতা উন্নয়ন পার্টি’-র প্রার্থী হয়ে। হুমায়ুন কবীর নওদা আসনটি রেখে রেজিনগর ছেড়ে দেওয়ার কারণেই এই কেন্দ্রটিতে ভোট গ্রহণ হচ্ছে।
বর্তমানে দুই বিধানসভা কেন্দ্রেই নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের মোড়কে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে।