ফর্ম ৬ বদল নিয়ে তুঙ্গে বিতর্ক! রাহুলের বিস্ফোরক দাবি উড়িয়ে কী জানাল নির্বাচন কমিশন?

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় নতুন ভোটারদের ফর্ম ৬ পরিবর্তনের অভিযোগ তুলেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি ছিল, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একতরফাভাবে এই পরিবর্তন এনেছেন। কংগ্রেস সাংসদের এই দাবি সরাসরি খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের স্পষ্ট বক্তব্য, এসআইআর এবং ফর্ম ৬ সংক্রান্ত সমস্ত নির্দেশ সর্বসম্মতভাবেই নেওয়া হয়েছিল এবং তা শীর্ষ আদালত কর্তৃক বহাল রয়েছে। রাহুলের এই অভিযোগকে সম্পূর্ণ বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে অভিহিত করেছে কমিশন।
এদিকে, সোমবার এই ফর্ম ৬ বিতর্ক ও একতরফা সিদ্ধান্তের অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছে কমিশন। শীর্ষ আদালত জানতে চেয়েছে, কমিশনের এই সিদ্ধান্ত কি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নেওয়া হয়েছিল? পাশাপাশি, জ্ঞানেশ কুমার সহ অন্য দুই নির্বাচন কমিশনারের কাছে এ বিষয়ে জবাব তলব করেছে আদালত। তবে বিচারপতিদের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধুমাত্র সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে কোনো নির্দেশ দেওয়া যায় না। আইন না মানা হলে তবেই ব্যবস্থা সম্ভব, মামলার পরবর্তী পদক্ষেপে বিষয়টির সত্যতা যাচাই করা হবে।