ভোটার তালিকায় নাম বাদ পড়েছে? SIR বিতর্কের মাঝেই নতুন আপডেট দিয়ে বড় বার্তা সিইও-র!

বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া নানা জল্পনার অবসান ঘটিয়ে স্পষ্ট বার্তা দিল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর। মঙ্গলবার জারি করা প্রেস নোটে সিইও দফতর জানিয়েছে, জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০ এবং নির্বাচন কমিশনের নির্দিষ্ট নির্দেশিকা মেনেই রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধনের কাজ পরিচালিত হচ্ছে। রাজ্য সিইও দফতরের নিজস্ব কোনো পৃথক বিধি নয়, বরং ভারতের নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণেই এই প্রক্রিয়া পরিচালিত হবে।
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বা নতুন নাম তোলার ক্ষেত্রেও স্পষ্ট দিশা দেখানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে। এসআইআর-এর এএসডিডি (অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত ও বাতিল) তালিকায় থাকা যোগ্য ভোটারদের পাশাপাশি ১৮ বছর পূর্ণ হওয়া তরুণরা নতুন নাম অন্তর্ভুক্তির সুযোগ পাবেন। এর জন্য অনলাইন মাধ্যম অথবা সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারের (BLO) কাছে ফর্ম-৬ জমা দিয়ে সহজেই আবেদন করা যাবে। পরিচ্ছন্ন ও নির্ভুল ভোটার তালিকা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের এই নির্ধারিত পথই চূড়ান্ত থাকবে বলে স্পষ্ট জানানো হয়েছে।