‘আমার সঙ্গে কোনো নায়িকা কাজ করতে চাইবে না…’, শারীরিক গঠন নিয়ে একসময়ে যে কটাক্ষ শুনতে হয়েছিল অমিতাভকে!

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন আজ কোটি কোটি ভক্তের হৃদস্পন্দন হলেও, কেরিয়ারের শুরুর দিনগুলোতে তাঁকে চরম শারীরিক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে নিজের অতীতের এক অজানা গল্প শেয়ার করে বিগ বি জানান, অতিরিক্ত উচ্চতা এবং ছোট মুখের আকৃতির কারণে একাধিক প্রযোজক তাঁকে কাজ দিতে অস্বীকার করেছিলেন। তাঁদের মতে, এই শারীরিক গঠনের কারণে কোনো নায়িকা তাঁর বিপরীতে কাজ করতে চাইবেন না। সেই প্রতিকূল পরিস্থিতি সামলাতেই তিনি চুল ও জুলফি বড় রাখার সিদ্ধান্ত নেন, যাতে তাঁর মুখ কিছুটা ভরাট ও চওড়া দেখায়।
তবে এই প্রত্যাখ্যানের কাছে হার না মেনে কঠোর পরিশ্রম ও মেধার জোরে তিনি ভারতীয় চলচ্চিত্রে নিজের সাম্রাজ্য গড়ে তোলেন। ১৯৭৩ সালে ‘জঞ্জীর’ ছবির মাধ্যমে ‘অ্যাংরি ইয়ং ম্যান’ হিসেবে আত্মপ্রকাশ করার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘দেওয়াল’, ‘শোলে’-র মতো আইকনিক ছবির পাশাপাশি সাম্প্রতিককালে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন তিনি। বর্তমানে এই ছবির সিক্যুয়েল নিয়ে ব্যস্ত থাকা অমিতাভের এই লড়াইয়ের গল্প নতুন প্রজন্মকে প্রতিনিয়ত অনুপ্রেরণা জোগায়।