রাতভর প্যান্ডেল হপিং! পুজোয় শিয়ালদা ডিভিশনের মেগা স্পেশাল ট্রেন ও ২৪ ঘণ্টার ‘ওয়ার-রুম’ ঘোষণা

রাতভর প্যান্ডেল হপিং! পুজোয় শিয়ালদা ডিভিশনের মেগা স্পেশাল ট্রেন ও ২৪ ঘণ্টার ‘ওয়ার-রুম’ ঘোষণা

কলকাতা: আসন্ন দুর্গাপুজোয় শহর ও শহরতলির দর্শনার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে একগুচ্ছ বড় পদক্ষেপ নিল পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন। উৎসবের দিনগুলিতে নিরবচ্ছিন্ন ট্রেন চলাচল নিশ্চিত করতে এবং সার্বিক নিরাপত্তার উপর কড়া নজরদারি চালাতে চালু করা হচ্ছে একটি বিশেষ ২৪ ঘণ্টার ‘ওয়ার-রুম’।

রেল সূত্রে জানা গিয়েছে, পুজোয় সম্ভাব্য রেকর্ড ভিড় সামাল দিতে আগামী ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন ৫১টি বিশেষ ইএমইউ (EMU) ট্রেন চালানো হবে, যা গত বছরের (৩১টি) তুলনায় বহুগুণ বেশি। রাত জেগে মণ্ডপ পরিক্রমা শেষে বাড়ি ফেরার সুবিধার্থে মেন, নর্থ ও সাউথ সেকশন মিলিয়ে মোট ৩৮টি নৈশকালীন বিশেষ ইএমইউ লোকাল ট্রেন পরিষেবা দেওয়া হবে। এ ছাড়া সন্ধ্যার ব্যস্ত সময়ে অতিরিক্ত চাপ সামলাতে প্রতিদিন ১৩টি বিশেষ ইএমইউ ট্রেন চলবে। পাশাপাশি ১০ থেকে ২৫ অক্টোবরের মধ্যে দূরপাল্লার প্রায় ৮০টি বিশেষ ট্রেন ট্রিপের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

দর্শনার্থীদের সুবিধার্থে আরও জানানো হয়েছে, পুজোর মূল দিনগুলিতে দুপুর ২টোর পর গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সমস্ত গ্যালপিং ও মেল ইএমইউ ট্রেন প্রতিটি ফ্ল্যাগ এবং হল্ট স্টেশনে থামবে। পুজো কেনাকাটার বাড়তি ভিড় সামলাতে ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত শিয়ালদা-রানাঘাট-লালগোলা রুটে অতিরিক্ত ৪টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্টেশন চত্বরে ভিড় নিয়ন্ত্রণ ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। শিয়ালদা স্টেশনের প্রফুল্ল দ্বার, উত্তর, প্রধান, মধ্য ও দক্ষিণ গেটে পৃথক প্রবেশ ও প্রস্থান পথ করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে শিয়ালদা, বালিগঞ্জ ও দমদম স্টেশনে নতুন শৌচাগার এবং রানাঘাট ও ব্যারাকপুরে নতুন টিকিট কাউন্টার চালু করা হয়েছে।

যাত্রী নিরাপত্তায় সিবিটিভি (CCTV) নেটওয়ার্কের মাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি প্রধান স্টেশনগুলিতে স্ট্যান্ডবাই ট্রেন রেক, অতিরিক্ত লোকো পাইলট, হেল্প ডেস্ক ও মেডিক্যাল বুথ প্রস্তুত থাকছে। শিয়ালদা ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, উৎসবের মরসুমে প্রতিটি মানুষের সফর যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হয়, তার জন্য রেলের প্রতিটি বিভাগ সম্পূর্ণ প্রস্তুত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *