জন্ডিসের ছুটি নিয়ে বিপাকে এসবিআই কর্মী! ব্যাংক বলল ‘পদত্যাগ করেছেন’, দিল বড় নির্দেশ কোর্ট

জন্ডিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকার কারণে ছুটি নেওয়ার পরও এক দীর্ঘদিনের কর্মীকে ‘স্বেচ্ছায় পদত্যাগকারী’ হিসেবে ঘোষণা করে বিতর্কে জড়িয়েছিল স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (SBI)। ব্যাঙ্কের এই খামখেয়ালি ও একপাক্ষিক সিদ্ধান্তের বিরুদ্ধে পাটনা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই ডেপুটি ম্যানেজার। আদালতের দ্ব্যর্থহীন পর্যবেক্ষণ, কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার মতো চরম সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁর চিকিৎসার বাস্তব কারণগুলো সঠিকভাবে যাচাই করা হয়নি। এমনকি, অনুপস্থিতির সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্যও তাঁকে কোনো সুযোগ বা নোটিস দেওয়া হয়নি, যা প্রাকৃতিক ন্যায়ের পরিপন্থী।
পরিস্থিতির গুরুত্ব বুঝে হাইকোর্ট এসবিআই-এর জারি করা নির্দেশ সম্পূর্ণ বাতিল করে এবং ওই কর্মীকে অবিলম্বে পুনরায় চাকরিতে বহাল করার নির্দেশ দেয়। তবে আদালত স্পষ্ট করে জানিয়েছে, অনুপস্থিত থাকার ওই নির্দিষ্ট দিনগুলোর কোনো বেতন তিনি পাবেন না। উল্লেখ্য, ২০১৯ সালে বদলির পরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়া এই কর্মী সুস্থ হয়ে কাজে যোগ দিতে গেলে ব্যাঙ্ক তাঁর ছুটি অবৈধ ঘোষণা করে। উল্টে তাঁকে স্বেচ্ছায় পদত্যাগকারী গণ্য করে তিন মাসের বেতন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আদালতের এই রায়ে বড়সড় স্বস্তি মিলল ভুক্তভোগী কর্মীর পরিবারে।