লিপ-ইন সঙ্গীকে বিয়ে না করার পরিণতি কেন আত্মহত্যায় প্ররোচনা নয়? সুপ্রিম কোর্টের নজিরবিহীন পর্যবেক্ষণ!

একত্রবাসের সঙ্গীকে বিয়ে করতে আসাম্মতি জানানো বা সম্পর্ক ভেঙে যাওয়া মানেই তা আত্মহত্যায় প্ররোচনা দেওয়া নয়— তেলঙ্গানার এক তরুণীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর নির্দেশ দিয়ে এফআইআর খারিজ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, সম্পর্ক বিচ্ছেদের পর কেউ চরম পথ বেছে নিলেই অন্য সঙ্গীকে দায়ী করা যায় না। এর জন্য প্ররোচনা দেওয়ার সুস্পষ্ট প্রমাণ কিংবা উদ্দেশ্য থাকতে হবে, যা সাধারণ অভিযোগের ভিত্তিতে সাব্যস্ত করা সম্ভব নয়।
ঘটনা সূত্রে জানা যায়, ২০২২ সালে তেলঙ্গানায় দীর্ঘদিনের বন্ধু ও তিন মাসের লিপ-ইন সঙ্গীর সঙ্গে বিচ্ছেদের পর এক তরুণী আত্মহত্যা করেন। মৃতের পরিবারের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা হলেও সুপ্রিম কোর্ট পর্যালোচনায় দেখে, এখানে প্ররোচনার কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। নিম্ন আদালত ও হাই কোর্টে আবেদন খারিজ হওয়ার পর শীর্ষ আদালতের এই রায়ে অবশেষে স্বস্তি পেলেন অভিযুক্ত যুবক। আদালত পুনর্বার মনে করিয়ে দেয় যে, মানুষের প্রতিক্রিয়া পরিস্থিতির ওপর নির্ভর করে, তাই বিচ্ছেদের দুঃখজনক পরিণতি মাত্রই অপরাধ নয়।