অস্ত্রোপচারের পর শিশুর মৃত্যু! দিল্লি বিমানবন্দর থেকে ধৃত ‘ভুয়ো’ চিকিৎসক

পূর্ব বর্ধমানের নবাবহাটের একটি নার্সিংহোমে অস্ত্রোপচারের পর চার বছরের শিশু অরণ্য রায়ের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত ‘ভুয়ো’ চিকিৎসক শেখ সায়েদুল হককে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিদেশ পালানোর উদ্দেশ্যে শারজার বিমান ধরার চেষ্টার সময় লুকআউট নোটিসের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। বুধবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে হাজির করা হলে বিচারক তাঁর ছয় দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে জাল শংসাপত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে চিকিৎসা চালানোর কথা স্বীকার করেছেন অভিযুক্ত।
গত ২ সেপ্টেম্বর ফাইমোসিসের অস্ত্রোপচারের পর শিশুটির মৃত্যুর ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তোলেন পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকেই আত্মগোপন করেছিলেন অভিযুক্ত চিকিৎসক। এই চাঞ্চল্যকর ঘটনায় এর আগে নার্সিংহোমের দুই মালিকসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছিল। শিশুর মৃত্যুর ঘটনায় সায়েদুলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার কঠোর ধারা যুক্ত করার আবেদন জানিয়ে বর্তমানে গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালিয়ে যাচ্ছে জেলা পুলিশ।