লিভ ইন ভাঙলেই আত্মহত্যার প্ররোচনা নয়, শীর্ষ আদালতের নজিরবিহীন নির্দেশ ঘিরে তোলপাড়!

কারও সঙ্গে লিভ ইন সম্পর্কের থাকা মানেই তাঁকে বিবাহ করার আইনি বাধ্যবাধকতা তৈরি হয় না এবং সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর কেউ চরম সিদ্ধান্ত নিলে সঙ্গীর ওপর দায় চাপানো যাবে না। প্রায় চার বছর আগের তেলেঙ্গানার এক তরুণীর আত্মহত্যার ঘটনায় মামলা খারিজ করে স্পষ্ট বার্তা দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি জেবি পার্দিওয়ালা ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানায়, পরিস্থিতি পরিবর্তনের কারণে যেকোনো সম্পর্ক ভাঙতেই পারে, তবে সেটিকে সরাসরি আত্মহত্যার প্ররোচনা হিসেবে গণ্য করা ভুল।
শীর্ষ আদালত আরও উল্লেখ করেছে, কেবল অভিযোগকারীর বয়ানের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না, বরং প্ররোচনার স্পষ্ট এবং ইচ্ছাকৃত প্রমাণ থাকা আবশ্যক। ছোটবেলার বন্ধুর সঙ্গে লিভ ইনে থাকা ওই তরুণী বিয়ে ভেঙে যাওয়ার শোকে আত্মঘাতী হলেও, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী সঙ্গীর এমন পদক্ষেপের বিষয়ে আগাম ধারণা না থাকলে তাকে অপরাধী বলা চলে না। এই রায়ের মাধ্যমে বিচ্ছেদ ও আত্মহত্যার প্ররোচনার আইনি পার্থক্যের বিষয়টি আদালতের নির্দেশে অত্যন্ত পরিষ্কার হয়ে উঠেছে।