‘কার নির্দেশে রাতারাতি ভাঙা হয়েছিল দেওয়াল?’ আরজি করের মঞ্চে ক্ষোভ বিধায়ক রত্না দেবনাথের

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আয়োজিত এক জাতীয় স্তরের অনুষ্ঠানে মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং জলহাটির বিজেপি বিধায়ক তথা নিহত চিকিৎসকের মা রত্না দেবনাথ। আর সেই মঞ্চ থেকেই তৎকালীন স্বাস্থ্য দপ্তরের ভূমিকা এবং বর্তমান স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের পদে বহাল থাকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে সোচ্চার হলেন বিধায়ক।
মঞ্চ থেকেই বিস্ফোরক প্রশ্ন বিধায়কের: শুক্রবার আরজি কর হাসপাতালে আয়োজিত নবম ‘মেডিভিশন ন্যাশনাল কনভেনশন’-এ বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা রত্না দেবনাথ সরাসরি ক্ষোভ উগরে দেন। মুখ্যমন্ত্রীকে সামনে রেখে তিনি প্রশ্ন তোলেন, “আমার মেয়েকে যেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই ঘর ও সংলগ্ন শৌচালয়ের দেওয়াল রাতারাতি কার নির্দেশে ভেঙে ফেলে সংস্কার করা হলো? যে স্বাস্থ্য সচিবের নেপথ্যে ভূমিকা ছিল, তিনি আজ পর্যন্ত কীভাবে বহাল তবিয়তে নিজের পদে বসে আছেন? এই ধরনের আধিকারিকরা পদে থাকলে সাধারণ মানুষ কীভাবে বিচার পাবে? আমার মেয়ে সঠিক বিচার পেলেই এই স্বাস্থ্য দপ্তর দুর্নীতিমুক্ত হবে।”
অভিযোগ প্রমাণিত হলে বরখাস্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর: নিহত চিকিৎসকের মায়ের এই চাঞ্চল্যকর অভিযোগ শোনার পরেই তৎক্ষণাৎ কড়া পদক্ষেপের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে পুরো বিষয়টির সত্যাসত্য নিরপেক্ষভাবে খতিয়ে দেখা হবে।
মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেন, “বিষয়টি আমি নিজে খতিয়ে দেখছি। আমি কথা দিচ্ছি, এই অভিযোগের সত্যতা মিললেই নারায়ণ স্বরূপ নিগমকে অবিলম্বে স্বাস্থ্য সচিবের পদ থেকে অপসারিত করা হবে।”
তদন্তের আওতায় পূর্ত দপ্তরও: ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, শুধু স্বাস্থ্য দপ্তর নয়, এই ঘটনায় পূর্ত দপ্তরের (PWD) ভূমিকাও খতিয়ে দেখা হবে। কারণ, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নির্দেশ এসে থাকলেও ভাঙাগড়া ও সংস্কারের মূল কাজটি করেছিল পূর্ত দপ্তর। তাই ঠিক কার আদেশে বা নির্দেশে সেই কাজ হয়েছিল, তা জানতে পূর্ত দপ্তরের ভূমিকাও নিরপেক্ষভাবে তদন্ত করা হবে বলে জানান তিনি।