পুজোয় বড় দুর্যোগের মেঘ নেই! অষ্টমীর প্যান্ডেল হপিংয়ে ছাতা সঙ্গে রাখার বার্তা আবহাওয়া দফতরের

দুর্গাপুজোয় বড় কোনো দুর্যোগের আশঙ্কা নেই— উৎসবের মুখে রাজ্যবাসীকে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে পুজোয় কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় অষ্টমী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাই মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখার আনন্দ যাতে ভেস্তে না যায়, সেজন্য ছাতা সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আন্দামান সাগরে নিম্নচাপ সৃষ্টির একটি সম্ভাবনা তৈরি হলেও তা আপাতত গাল্ফ অফ থাইল্যান্ডের কাছে বায়ুমণ্ডলের ওপরের স্তরে ঘূর্ণাবর্ত হিসেবে রয়েছে। ১১ অক্টোবর নাগাদ এটি আন্দামান সাগরে পৌঁছাতে পারে এবং ১৩ অক্টোবর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তবে সেটি শক্তি বাড়িয়ে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগোবে। পশ্চিমবঙ্গ থেকে দূরে অবস্থান করায় রাজ্যে এর সরাসরি কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না। পাশাপাশি আগামী ৩-৪ দিনের মধ্যে পশ্চিমবঙ্গসহ সমগ্র পূর্ব ভারত থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিদায় নেওয়ার ইঙ্গিত রয়েছে।
দক্ষিণবঙ্গ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
- মহালয়া (১০ অক্টোবর): দক্ষিণবঙ্গে আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। কলকাতাতেও খুব অল্প সময়ের জন্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
- ১১ থেকে ১৩ অক্টোবর: আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
- ১৪ অক্টোবর: কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় ছিঁটেফোঁটা হালকা বৃষ্টি হতে পারে।
- পঞ্চমী থেকে সপ্তমী (১৫ – ১৭ অক্টোবর): কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও উপকূলীয় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় কলকাতার তাপমাত্রা কিছুটা কমে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে।
- অষ্টমী পর্যন্ত (১৮ – ১৯ অক্টোবর): সিংহভাগ জায়গায় আবহাওয়া শুষ্ক থাকলেও কলকাতা ও তার আশেপাশের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- নবমী থেকে একাদশী (২০ – ২২ অক্টোবর): দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আবহাওয়া পুরোপুরি শুষ্ক থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে পুজোর দিনগুলিতে আবহাওয়া অনেকটাই মনোরম থাকবে। মহালয়ার দিন কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ১১ থেকে ১৫ অক্টোবর আবহাওয়া একদম শুষ্ক থাকবে। ষষ্ঠী ও সপ্তমীর দিকে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হলেও অষ্টমীর পর থেকে একাদশী পর্যন্ত সমগ্র উত্তরবঙ্গ জুড়েই পরিষ্কার ও শুষ্ক আকাশ থাকবে।