গুন্ডা দমন বিলে বড় আপডেট! কেন থমকে কাজ, কবে মিলবে ছাড়পত্র? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

গুন্ডা দমন বিলে বড় আপডেট! কেন থমকে কাজ, কবে মিলবে ছাড়পত্র? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে এখনও কেন পুরোপুরি কার্যকর করা যায়নি বহুল চর্চিত গুন্ডা দমন বিল, তা নিয়ে সমস্ত ধোঁয়াশা পরিষ্কার করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহালয়ার দিন ব্রিগেডে ‘১১২ ডায়াল’ কর্মসূচির উদ্বোধনে এসে তিনি জানান, বিলটি রাষ্ট্রপতি আটকে রেখেছেন বলে যে জল্পনা ছড়িয়েছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন। রাজ্য পুলিশের হাত শক্তিশালী করতে মূলত দুটি আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। যার মধ্যে সরকারি সম্পত্তির ক্ষতিপূরণ সংক্রান্ত আইনটি ইতিমধ্যেই বলবৎ হয়েছে। অন্য পার্টটিতে মাদকসংক্রান্ত (NDPS) ধারা ও সর্বোচ্চ শাস্তির বিধান যুক্ত থাকায় সেটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। অন্ধ্রপ্রদেশের মতো পশ্চিমবঙ্গও খুব শীঘ্রই কেন্দ্র ও রাষ্ট্রপতির অনুমোদন পেয়ে যাবে বলে আশাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি রাজ্যে পুলিশের ওপর সাম্প্রতিক বিভিন্ন হামলার ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দেন তিনি। সিভিক-নির্ভর পুলিশ ব্যবস্থার সীমাবদ্ধতার সমালোচনা করে পর্যাপ্ত পরিকাঠামো ও ম্যানপাওয়ার তৈরির ওপর জোর দেওয়ার কথা বলেন। পার্ক স্ট্রিট ও আসানসোলের ঘটনার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী সাফ হুঁশিয়ারি দেন, তাঁর পুলিশমন্ত্রী পদে থাকাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারীদের ওপর হামলা চালালে কঠোরতম পদক্ষেপ করা হবে। দুষ্কৃতীদের ছাড় না দেওয়ার বার্তা দেওয়ার পাশাপাশি আসানসোলের ঘটনায় জড়িতদের থেকে ইতিমধ্যেই জরিমানা আদায় করা হয়েছে বলেও তিনি জানান। প্রযুক্তির আধুনিকীকরণ ও আধুনিক পুলিশি ব্যবস্থার মাধ্যমে রাজ্যে দ্রুত অপরাধ নিয়ন্ত্রণের আশ্বাস দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *