আসমান কাঁপানো প্লেন হাইজ্যাকের ছক! ককপিটে রক্তক্ষয়ী হামলার নেপথ্যে কোন ভয়ঙ্কর ষড়যন্ত্র

ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে ঘটে যাওয়া চাঞ্চল্যকর হামলার ঘটনার তদন্তভার আনুষ্ঠানিকভাবে নিজেদের হাতে তুলে নিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাই দুবাই ১০৭৩ বিমানে ওমানি সহকারী পাইলটের বিরুদ্ধে ককপিটে ঢুকে ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের উপর প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিছক ব্যক্তিগত শত্রুতা নয়, বরং বিমান হাইজ্যাকের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছিল। ককপিটে কুঠার নিয়ে অতর্কিত আক্রমণ চালিয়ে ক্যাপ্টেনকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ। ভারতীয় নাগরিকের উপর এই হামলার ঘটনায় বিদেশ মন্ত্রকের সবুজ সঙ্কেতের পরেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় এজেন্সি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের ভিত্তিতে ইতিমধ্যেই ইউএপিএ এবং ২০১৬ সালের বিমান ছিনতাই বিরোধী আইনের একাধিক কঠোর ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে। ৩০ সেপ্টেম্বরের ওই ভয়ংকর ঘটনার নেপথ্যে আন্তর্জাতিক কোনো জঙ্গি ষড়যন্ত্র বা বিদেশি শক্তির ইন্ধন রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে বিশেষ টিম গঠন করেছে এনআইএ। বর্তমান পরিস্থিতিতে সৌদি ও আমিরশাহীর প্রশাসনের সঙ্গে যৌথ আইনি সহযোগিতার মাধ্যমে পুরো ঘটনার গভীরে পৌঁছানোর চেষ্টা চলছে। অন্যদিকে, অত্যন্ত সাহসিকতার সঙ্গে আক্রমণ প্রতিহত করে সহযাত্রী ও ক্রুদের সহায়তায় বিমানটিকে রক্ষা করা ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের বীরত্ব এখন বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে।