দিঘায় যাওয়ার আগে জানুন এই জরুরি খবর, ৬ দিন বন্ধ থাকবে সৈকতের সমস্ত দোকান

আজ থেকে টানা ৬ দিন দিঘা সমুদ্র সৈকতের সমস্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে। দুর্গাপুজোর প্রাক্কালে দিঘা বিচ ফেস্টিভ্যাল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এই উৎসবের সুচারু পরিচালনা এবং নিউ দিঘা সমুদ্র সৈকতে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত লাইভ মিউজিক কনসার্টের সুবিধার জন্যই এমন কঠোর পদক্ষেপ করা হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে ১৪ অক্টোবর প্রখ্যাত সংগীতশিল্পী শান এবং ১৫ অক্টোবর আরও এক বিশিষ্ট শিল্পীর পারফর্ম করার কথা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সৈকত চত্বরে মাইকিং করে পর্যটক ও স্থানীয় দোকানদারদের এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
আচমকা এই সিদ্ধান্তে মহাফাঁপরে পড়েছেন পর্যটকরা। অনেকেই পুজোর আগে ছুটি কাটাতে দিঘায় ভিড় জমাচ্ছেন। সমুদ্র সৈকতে কেনাকাটা এবং সামুদ্রিক খাবার উপভোগ করার আনন্দ থেকে পর্যটকরা বঞ্চিত হবেন এই কদিন। হোটেলের ভিড় সামলানোর পাশাপাশি সমুদ্রতটে খাবারের দোকান ও অন্যান্য বিপণি বন্ধ থাকায় ভ্রমণের আনন্দ কিছুটা ম্লান হতে পারে। উৎসবের উন্মাদনা ও সাংস্কৃতিক আয়োজনের জেরে সাময়িক এই কড়াকড়ি হলেও, প্রশাসন নিরাপত্তা ও শৃঙ্খলার ওপর বিশেষ জোর দিচ্ছে। ফলে যাঁরা আগামী কদিনের মধ্যে দিঘা ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের এই পরিস্থিতির কথা মাথায় রেখেই যাতায়াতের সূচি নির্ধারণ করতে হবে।