রাজ্যের ৩১ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন বেতন ব্যবস্থা! সোমবারের মধ্যেই ATR জমার কড়া নির্দেশ উচ্চশিক্ষা দপ্তরের

মে মাসে রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই একাধিক প্রশাসনিক রদবদল ও নতুন সিদ্ধান্ত কার্যকর করতে তৎপর শুভেন্দু অধিকারীর সরকার। এবার রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। চালুর পথে নতুন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম (HRMS)।
উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর, রাজ্যের ৩১টি সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে এই নতুন সিস্টেম কার্যকর করা হচ্ছে। এর আগে প্রাক্তন সরকারের আমলেই এই সিদ্ধান্ত নেওয়া হলেও নানা কারণে তা বাস্তবায়িত করা সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার এই ফাঁকফোকর আর রাখতে নারাজ। কাজের গতি ও প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে উচ্চশিক্ষা দপ্তরের অতিরিক্ত সচিব পার্থ চক্রবর্তী ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়গুলিতে নির্দেশিকা পাঠিয়েছেন।
যদিও এই নতুন সিস্টেম চালু করা নিয়ে শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশের মধ্যে তীব্র আপত্তি দেখা দিয়েছে। কিন্তু নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, আগামী সোমবারের মধ্যেই অ্যাকশন টেকেন রিপোর্ট (ATR) জমা দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। অর্থাৎ, এই ব্যবস্থা চালুর বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা দপ্তর এই নির্দেশিকাকে ‘IMPORTANT’ বলে চিহ্নিত করেছে।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে ঝুলন্ত অবস্থায় থাকা এই প্রক্রিয়া বাস্তবায়নে এবার কঠোর অবস্থান নিয়েছে দপ্তর। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে পাঠানো নির্দেশে বলা হয়েছে, এই ব্যবস্থা গ্রহণে যদি কোনো কারিগরি বা প্রশাসনিক সমস্যা দেখা দেয়, তাও যেন দ্রুত অধিদপ্তরকে জানানো হয়।
অন্যদিকে, এই সিদ্ধান্ত প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ্বর সিন্হা জানান, “গতবারও এইচআরএমএস চালুর নোটিশ দেওয়া হয়েছিল। এগজিকিউটিভ কাউন্সিল (EC) সিদ্ধান্ত নিলেও সে বার তা কার্যকর হয়নি। এবার যেন সব পক্ষের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত কার্যকর করা হয়।”