হার্নিয়া অস্ত্রোপচারে গিয়ে তাজ্জব চিকিৎসক, যুবকের শরীর থেকে বাদ গেল জরায়ু ও ডিম্বাশয়

সাধারণ হার্নিয়ার চিকিৎসা করাতে গিয়ে চরম বিরল এক ঘটনার মুখোমুখি হলেন ২৪ বছর বয়সি এক যুবক। ডায়মন্ড হারবার স্বাস্থ্যজেলার সহরারহাটের একটি নার্সিংহোমে পরীক্ষার সময় চিকিৎসকরা আবিষ্কার করেন, বাইরে থেকে পুরুষ চেহারার ওই যুবকের শরীরে রয়েছে জরায়ু, ডিম্বাশয় এবং ফ্যালোপিয়ান টিউব। ইতিমধ্যেই ডক্টর এইচ জামানের নেতৃত্বে সফল অস্ত্রোপচার করে যুবকের শরীর থেকে নারীাঙ্গগুলি সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। ১৮ বছর পর রাজ্যে দ্বিতীয়বার এমন বিরল ঘটনার কথা সামনে আসায় শোরগোল পড়ে গিয়েছে চিকিৎসক মহলে।
চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় এই অত্যন্ত বিরল অবস্থাকে বলা হয় ‘সিউডোহেরম্যাফ্রোডিটিজম’। বিশেষজ্ঞদের মতে, হরমোনের অস্বাভাবিকতা কিংবা ভ্রূণের বিকাশের সময় অ্যান্ড্রোজেনের অতিরিক্ত প্রভাবের কারণেই পুরুষ দেহে এমন বিপরীত লিঙ্গের অঙ্গের গঠন তৈরি হতে পারে। দু বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া বজবজের এই বাসিন্দা অস্ত্রোপচারের পর বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে নার্সিংহোম সূত্রে খবর। শারীরিক সব পরীক্ষার রিপোর্ট ইতিবাচক থাকলে খুব শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে।