নিরাপত্তা উধাও সরকারি দপ্তরে! জেলা পরিষদ অফিসে তাণ্ডব ৪০-৫০ জনের দুষ্কৃতী দলের, লন্ডভন্ড সভাধিপতির ঘর

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ ভবনে আচমকাই তাণ্ডব চালাল একদল দুষ্কৃতী। সোমবার দুপুরে সভাধিপতি নারায়ণ গোস্বামীর অনুপস্থিতিতে প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি দল তাঁর কার্যালয়ে চড়াও হয়। সেখানে উপস্থিত কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ার পর তারা সভাধিপতির ঘরের আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ নথিপত্র ছড়িয়ে-ছিটিয়ে দেয় এবং জিনিসপত্র ভাঙচুর করে। দুষ্কৃতীরা ঠিক কী উদ্দেশ্যে এসে এই তাণ্ডব চালাল, তা এখনও স্পষ্ট নয়। সরকারি দপ্তরে এমন অনভিপ্রেত অনুপ্রবেশ ও সশরীরে হামলা চালানোর ঘটনায় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।
ঘটনার সময় উপস্থিত না থাকলেও পরে পুরো বিষয়টি জানতে পেরে উদ্বেগ প্রকাশ করেছেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক নারায়ণ গোস্বামী। তিনি জানান, সরকারি দপ্তরে ঢুকে কারা এই কাণ্ড ঘটিয়েছে তা তাঁর জানা নেই এবং এই বিষয়ে জেলাশাসক সহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। উল্লেখ্য, কিছুদিন আগেই তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছিল, যার পর তিনি পদত্যাগের ইচ্ছাও প্রকাশ করেছিলেন। পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ।