‘ভারত গণতন্ত্রের জননী!’ দিল্লিতে ব্লুমবার্গ ফোরামে নরেন্দ্র মোদির কোন বড় বার্তা তোলপাড় ফেলল?

রাজধানী দিল্লিতে আয়োজিত ‘ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরাম’-এ যোগ দিয়ে ভারতকে ‘গণতন্ত্রের জননী’ বলে আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্যে দেশের গণতান্ত্রিক পরিবেশ ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা তুলে ধরে তিনি জানান, ভারতে ১০০টিরও বেশি ভাষা, প্রায় ৮০ হাজার নিবন্ধিত সংবাদপত্র ও প্রকাশনা এবং ১ হাজারেরও বেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল রয়েছে। এর পাশাপাশি ডিজিটাল বিপ্লবের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে দেশে ৫০ কোটিরও বেশি ইউটিউব ও ইনস্টাগ্রাম ব্যবহারকারী রয়েছেন। সমাজমাধ্যমে নানা দৃষ্টিভঙ্গি ও অবাধ আলোচনার মাধ্যমেই দেশের গণতান্ত্রিক ভিত্তি আরও শক্তিশালী হচ্ছে এবং ডিজিটাল প্রযুক্তি এতে বড় ভূমিকা পালন করছে।
ভাষণে সরকারের মূল লক্ষ্য এবং ক্ষমতার সঠিক ব্যবহার নিয়েও নিজস্ব ভাবনার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি জোর দিয়ে বলেন, নাগরিকদের ব্যবস্থার ওপর নির্ভরশীল করে তোলা সরকারের কাজ নয়, বরং তাঁদের ক্ষমতায়নই আসল লক্ষ্য। অতীত ঐতিহ্যকে স্মরণ করিয়ে তিনি জানান, যাঁদের হাতে জ্ঞান, সম্পদ ও ক্ষমতা রয়েছে, তাঁরা কীভাবে তা ব্যবহার করছেন তার ওপরই সব নির্ভর করে। ক্ষমতার প্রকৃত মূল্য সঠিক উদ্দেশ্যের মধ্যেই নিহিত বলে স্পষ্ট বার্তা দেন তিনি।