গোর্খাল্যান্ডের মাঝেই ফের সরগরম উত্তরবঙ্গ! পাহাড়ের রুদ্ধদ্বার বৈঠকে নতুন কোন বড় দাবির জোড়ালো হুঙ্কার?

দার্জিলিংয়ের এক অভিজাত হোটেলে কেন্দ্রীয় মধ্যস্থতাকারী পঙ্কজকুমার সিংয়ের উপস্থিতিতে পাহাড়ের রাজনৈতিক দলগুলির রুদ্ধদ্বার বৈঠক ঘিরে উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বৈঠকে পাহাড়ের নেতৃত্বের তরফে দার্জিলিং ও কালিম্পং ছাড়াও তরাই ও ডুয়ার্স অঞ্চল নিয়ে পৃথক রাজ্য এবং নতুন স্বায়ত্তশাসিত সংস্থার দাবি তোলা হয়। এই খবর প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ উগরে দিয়েছে কামতাপুর পিপলস পার্টি (কেপিপি)। তাঁদের স্পষ্ট বার্তা, গোটা উত্তরবঙ্গ ও আসামের একাংশ নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা কামতাপুর রাজ্যের দাবিকে উপেক্ষা করা হলে তার পরিণতি মোটেও ভালো হবে না।
কেপিপির কেন্দ্রীয় সভাপতি নিখিল রায় সাফ জানিয়েছেন, একতরফা কোনও সিদ্ধান্ত নেওয়া হলে হিতে বিপরীত হবে এবং উত্তরবঙ্গ ফের উত্তপ্ত হয়ে উঠতে পারে। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি ও রাজ্যের স্বরাষ্ট্রসচিব উপস্থিত থাকলেও, পৃথক গোর্খাল্যান্ড ও কামতাপুর রাজ্য গঠনের এই মুখোমুখি দাবির লড়াই উত্তরবঙ্গের স্থায়ী রাজনৈতিক সমাধানের পথকে আরও জটিল করে তুলল বলেই মনে করছে রাজনৈতিক অভিজ্ঞ মহল।