মোদী-শাহদের ঘিরে গুটিয়ে আসছে জাল! চা-চক্র শেষে রাহুলদের হুঙ্কার, ছাড়বেন না যন্তর মন্তরও

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি এবং নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়াতে রাহুল গান্ধীর বাসভবনে এক উচ্চপর্যায়ের চা-চক্রের আয়োজন করল ‘ইন্ডিয়া’ জোট। মঙ্গলবার এই বৈঠক শেষে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী হুঙ্কার দিয়ে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জ্ঞানেশ কুমারকে ঘিরে ধীরে ধীরে আইনি ও রাজনৈতিক জাল গুটিয়ে আসছে। সংবিধান রক্ষা এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই একক লড়াইয়ে বিরোধী দলগুলি সম্পূর্ণ একজোটে পথ চলছে বলে জানান তিনি। বৈঠকে সনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, তেজস্বী যাদব, সুপ্রিয়া সুলে এবং সঞ্জয় রাউতের মতো শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন।
বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে রাহুল সাফ জানিয়ে দেন যে, মধ্য দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তকে তারা আইনি উপায়ে জোরালোভাবে চ্যালেঞ্জ জানাবেন। সংবিধান ধ্বংসকারীদের রেয়াত করা হবে না উল্লেখ করে তিনি দেশের বিচারব্যবস্থা ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভূমিকার প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করেন। এদিকে, সোমবারে বিরোধী জোটের সুপ্রিম কোর্টমুখী মিছিলে পুলিশের বাধা ও জোড়া এফআইআর দায়েরের তীব্র নিন্দা জানিয়ে তেজস্বী যাদব ও সাগরিকা ঘোষেরাও আন্দোলনে অনড় থাকার বার্তা দিয়েছেন। সমস্ত বিরোধীরা এককাট্টা হয়ে এই নাছোড়বান্দা রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর।