এক ধাক্কায় ৩ মাসের অন্তঃসত্ত্বা সাংবাদিক মাটিতে! রাহুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে তোলপাড় দেশ

নয়াদিল্লিতে এসআইআর-বিরোধী আন্দোলনের খবর সংগ্রহের সময় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এক মহিলা সাংবাদিককে ধাক্কা মারার গুরুতর অভিযোগ উঠেছে। হিন্দি সংবাদমাধ্যমের সাংবাদিক রিচা পরাশরের দাবি, তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা এবং পেশাগত দায়িত্ব পালনের সময় রাহুলের ধাক্কায় তিনি মাটিতে পড়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে তীব্র রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ওই সাংবাদিকের একটি ভিডিয়ো সামনে আসার পর থেকেই বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার জেরে রাহুল গান্ধীকে কঠোর ভাষায় আক্রমণ শানিয়ে বিজেপি দাবি করেছে, এই ঘটনা থেকেই তাঁর স্বৈরাচারী ও আক্রমণাত্মক মনোভাব স্পষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে কংগ্রেস নেত্রী অলকা লাম্বা একে সম্পূর্ণ ভুয়ো ও উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা বলে অভিহিত করেছেন। কংগ্রেসের পালটা দাবি, রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এই কাল্পনিক গল্প তৈরি করা হয়েছে। এই পরিস্থিতিতে উভয় রাজনৈতিক দলের পালটা অভিযোগে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।