ভয়ংকর! নামী রেস্তোরাঁয় মিলল ইঁদুরে খাওয়া বাসি খাবারের পাহাড়, চরম বিপদে গ্রাহকরা?

উত্তরাখণ্ডের দেরাদুনের জনপ্রিয় ডুন ক্লাবের ‘হান্ডি’ রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তর ও ডিএলএসএ-এর যৌথ অভিযানে উদ্ধার হলো পচা মাংস, বাসি খাবার ও পচা সবজি। বাইরে থেকে ঝকঝকে মনে হলেও রেস্তোরাঁর রান্নাঘর ও মশলার আলমারিতে ছিল আরশোলা ও ইঁদুরের উপদ্রব। এমনকি ফ্রিজারে মিলেছে প্রায় এক সপ্তাহ পুরোনো বাসি ভাত, মাংস, মোমো ও চাউমিনের উপকরণ। রাজ্য স্বাস্থ্যসচিব বিনয় শঙ্কর পান্ডের নির্দেশের পর পরিচালিত এই অভিযানে ময়লা উপচে পড়া ডাস্টবিন ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখে চক্ষু চড়কগাছ কর্মকর্তাদের।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গ্রাহকদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন অবিলম্বে করণপুরের ওই রেস্তোরাঁটি বন্ধ করে দিয়েছে এবং কর্তৃপক্ষকে ১৪ দিনের নোটিশ ধরিয়েছে। এই সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইতিপূর্বে কলকাতাতেও পচা মাছ-মাংস ও ক্ষতিকর রং মেশানোর নজির পাওয়া গিয়েছিল। তবে প্রশাসনিক এই তৎপরতায় এবার রেস্তোরাঁগুলোর খাদ্য নিরাপত্তা ও গুণমান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।