শিকাগোয় হিন্দু মন্দিরে নৃশংস হামলার চক্রান্ত! চাঞ্চল্যকর ছক কষে গ্রেপ্তার ১৯ বছরের তরুণ

আমেরিকার শিকাগোয় ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকার একটি হিন্দু মন্দিরে ভয়াবহ সন্ত্রাসী হামলার চক্রান্ত নস্যাৎ করল মার্কিন পুলিশ। এই নৃশংস পরিকল্পনার অভিযোগে আলেকজান্দ্রোস পাপোরাকিস নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, ভারতীয়দের প্রতি চরম বিদ্বেষ থেকেই আলেকজান্দ্রোস এই গণহত্যার ছক কষেছিলেন। অভিযুক্তের কাছ থেকে বেশ কিছু আধুনিক রাইফেল, ম্যাগাজিন, বডি আর্মার এবং প্রচুর ভারত-বিরোধী স্লোগানসংবলিত নথি উদ্ধার করা হয়েছে।
পুলিশি তদন্তে উঠে এসেছে যে, গত ১১ অক্টোবর ওই উপাসনালয়ে হামলার পরিকল্পনা ছিল অভিযুক্তের। তিনি এই বিষয়টি এক সহকর্মীকে জানান এবং দিনটিকে ‘বিশেষ দিন’ হিসেবে উল্লেখ করেন। তবে শেষ মুহূর্তে অস্ত্রের কিছু জটিলতার কারণে পরিকল্পনা বাধাগ্রস্ত হয়। গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। নির্দিষ্ট কোন হিন্দু মন্দিরে এই হামলা চালানোর ছক ছিল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বর্তমানে ধৃত তরুণকে হেফাজতে রেখে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।