সাংসদ মহুয়ার নিরাপত্তা মামলায় বিরাট মোড়! অমিত শাহের মন্ত্রককে সরাসরি যুক্ত করল কলকাতা হাই কোর্ট

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের নিরাপত্তা সংক্রান্ত মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। লোকসভা কেন্দ্রে বারংবার দুষ্কৃতীদের হেনস্থা ও হামলার শিকার হওয়ার অভিযোগ তুলে সর্বক্ষণের নিরাপত্তারক্ষী চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মহুয়া। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন। আগামী ১৫ অক্টোবর, বৃহস্পতিবারের মধ্যে মন্ত্রককে পক্ষ হিসেবে যুক্ত করার এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এর আগে আদালত মহুয়াকে লোকসভা এলাকায় যাতায়াতের জন্য দু’জন নিরাপত্তারক্ষী মোতায়েনের নির্দেশ দিলেও তিনি হামলার মুখে পড়েন। রাজ্যের পক্ষে জানানো হয়, ‘ইয়েলো বুক’ নিয়ম মেনেই সাংসদকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। তবে মহুয়ার আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের সঙ্গে সর্বক্ষণ পিএসও থাকেন না। দুই পক্ষের সওয়াল শোনার পর বিচারপতি মন্ত্রককে যুক্ত করার অনুমতি দেন। আগামী ২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।