বেঙ্গালুরুতে বাংলার পদ্মশ্রী শিল্পীর চমক! কীভাবে সেজে উঠছে ২৪ বছরের দুর্গাপুজো?

দাক্ষিণাত্যের মাটিতে প্রবাসী বাঙালিদের দুর্গাপুজোয় এবার আসছে এক বিরাট চমক। তথ্য-প্রযুক্তি শহর বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশনের ২৪ তম বর্ষের দুর্গোৎসবের প্রধান আকর্ষণ পদ্মশ্রী প্রাপ্ত বিশিষ্ট প্রতিমাশিল্পী সনাতন রুদ্র পালের তৈরি দেবীপ্রতিমা। এই প্রথম তাঁর হাতে গড়া দুর্গা প্রতিমা পাড়ি দিল বেঙ্গালুরুতে। গত বছর কেদারনাথ মন্দিরের আদলে মণ্ডপসজ্জা করে নজর কেড়েছিল এই পুজো কমিটি। এবছর তাদের মূল ভাবনা ‘সূর্যরথ’। পৌরাণিক তাৎপর্য ও শৈল্পিক পরিকল্পনার অনবদ্য মেলবন্ধনে তৈরি মণ্ডপ এবং সনাতন রুদ্র পালের শিল্পকুশলতা প্রবাসের মাটিতে দর্শনার্থীদের জন্য এক অভিনব অভিজ্ঞতা উপহার দিতে চলেছে।
উৎসবের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে পুজোর কদিন প্রতিদিন থাকছে বিনামূল্যে ভোগপ্রসাদের ব্যবস্থা এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ ও বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের দিনগুলোকে মুখর করে তোলার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। দীর্ঘ ২৪ বছরের পথচলায় এই আয়োজন বেঙ্গালুরুর বাঙালি সমাজে সংস্কৃতি চর্চার এক প্রধান পরিসরে পরিণত হয়েছে। ঐতিহ্যের সঙ্গে নতুন ভাবনার এই অপূর্ব সমন্বয় প্রবাসের নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতি পৌঁছে দেওয়ার পাশাপাশি সকলের মাঝে সম্প্রীতি ও মিলনের এক সুন্দর পরিবেশ তৈরি করবে বলেই আশা করছেন উদ্যোক্তারা।