সপ্তমীতেও কি ছাতা নিয়ে মণ্ডপে মণ্ডপে দেবী দর্শন, হাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাসে বড় আপডেট

দুর্গাপুজোর উৎসবে মাতোয়ারা রাজ্যবাসী যখন মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে ব্যস্ত, তখন বৃষ্টির আশঙ্কায় কিছুটা হলেও দুশ্চিন্তা ছিল সাধারণ মানুষের মনে। পঞ্চমীর দিন কলকাতা সহ একাধিক জেলায় ঝুম বৃষ্টি আনন্দ মাটি করলেও, ষষ্ঠীতে আবহাওয়া শুকনোই ছিল। অবশেষে সপ্তমীতে এসে মিলল আশার আলো। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তমী থেকে একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গে মূলত শুকনো আবহাওয়া থাকবে। অর্থাৎ পুজোর বাকি দিনগুলোতে বড় ধরনের বৃষ্টির আশঙ্কা নেই বললেই চলে, যা উৎসবপ্রেমীদের জন্য অত্যন্ত আনন্দের খবর।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আজ মূলত উপকূলবর্তী জেলা, তার সংলগ্ন এলাকা এবং কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় আজ ও কাল কিছুটা হালকা বৃষ্টি হতে পারে। তবে নবমী থেকে একাদশী পর্যন্ত উত্তরবঙ্গ জুড়েও আবহাওয়া সম্পূর্ণ শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। ফলে ছাতা মাথায় না দিয়ে এবার নিশ্চিন্তে এবং চুটিয়ে পুজোর আনন্দ উপভোগ করতে পারবেন রাজ্যবাসী।