জলবায়ু সংকটের দায় সরাসরি ইউরোপের কাঁধে! কড়া আক্রমণে পীযূষ গোয়েল!

বার্লিন গ্লোবাল ডায়লগ ২০২৬-এ পরিবেশ বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের মূল দায় ইউরোপের উন্নত দেশগুলির উপর চাপিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। প্রশ্নোত্তর পর্বে তিনি প্রশ্ন তোলেন, এই সংকটের জন্য কে দায়ী এবং বিপুল পরিমাণ কার্বন কে আকাশে পাঠাল? জবাবে এক প্যানেলিস্ট “আমরা সবাই” বললেও তা সরাসরি খারিজ করে দেন গোয়েল। তিনি জানান, ভারত বিশ্বের ১৭ শতাংশ জনসংখ্যার ভার বহন করলেও কার্বন নির্গমনে অবদান ৩ শতাংশেরও কম। অথচ মাত্র ৩ থেকে ৪ শতাংশ জনসংখ্যা নিয়ে ইউরোপের নির্গমন অত্যন্ত বেশি এবং ভারতের মাথাপিছু নির্গমন ইউরোপের তুলনায় ৭-৮ গুণ কম।
সম্মেলনে ২০১৫ সালের প্যারিস চুক্তির জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি রক্ষা না করার জন্য ইউরোপকে তীব্র ভাষায় তোপ দাগেন গোয়েল। তিনি বলেন, এগারো বছর কেটে গেলেও গরিব দেশগুলির জন্য নির্ধারিত ১০০ বিলিয়ন ডলারের একটি নিকেল বা ডাইমও দেওয়া হয়নি, সবটাই প্রতিশ্রুতিতে আটকে রয়েছে। এর পাশাপাশি কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম বা সিবিএএম নীতির সমালোচনা করে তিনি জানান, দূষণ তৈরি করেও তা রোধে অর্থ না দিয়ে উলটে ভারতের স্টিল, অ্যালুমিনিয়াম ও সিমেন্টের ওপর অতিরিক্ত কার্বন ট্যাক্স বসানো হচ্ছে। নানা চাপ ও সীমাবদ্ধতা সত্ত্বেও ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম ক্লিন এনার্জি কর্মসূচিগুলি সফলভাবে পরিচালনা করছে বলে তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন।