ফ্রান্সে মানব শরীরে মিলল পশুবাহিত স্যামোন্ডা ভাইরাসের প্রথম থাবা!

ফ্রান্সে পশুবাহিত স্যামোন্ডা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর পর বিশ্বজুড়ে চিকিৎসকদের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সাধারণত গবাদি পশু এবং ছোট পোকামাকড়ের কামড়ের মাধ্যমে এই মারণ ভাইরাস ছড়ায়। ফরাসি স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আক্রান্ত ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান, কারণ এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট চিকিৎসা বা কার্যকর টিকা আবিষ্কার হয়নি। বিশেষ করে গবাদি পশুপালক ও গর্ভবতী নারীদের ক্ষেত্রে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
১৯৬০-এর দশকে প্রথম নাইজেরিয়ায় শনাক্ত হওয়ার পর আফ্রিকা ও জাপান হয়ে স্যামোন্ডা ভাইরাসটি বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশেও নিজের বিস্তার ঘটিয়েছে। চলতি বছরের বসন্ত ও গ্রীষ্মকালে ফ্রান্সের পশুর শরীরে এর ব্যাপক প্রাদুর্ভাব লক্ষ্য করা গিয়েছিল। প্রাথমিক ধারণা অনুযায়ী, মৃত ব্যক্তি সম্প্রতি পূর্ব ফ্রান্স ভ্রমণকালে এই ভাইরাসের সংস্পর্শে এসেছিলেন। মানব শরীরে এই ভাইরাসের সফল সংক্রমণ ও মৃত্যুর ঘটনা সামনে আসার পর ফরাসি স্বাস্থ্য কর্তৃপক্ষ দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।