বালোচভূমে আসিম মুনিরের চরম চক্রান্তে আফগানিস্তানে বড় বিপদের কালো ছায়া!

মুখোমুখি লড়াইয়ে তালিবান যোদ্ধাদের তীব্র প্রত্যাঘাতের মুখে পড়ে এবার আফগানিস্তানে ভয়ংকর গৃহযুদ্ধ বাধানোর নীল নকশা সাজাচ্ছেন পাক সেনাপ্রধান আসিম মুনির। ডুরান্ড লাইনে বারবার ধাক্কা খেয়ে শতাধিক জওয়ানের মৃত্যুর পর তালিবান শাসনকে টেক্কা দিতে মরিয়া ইসলামাবাদ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আমেরিকার আমলের সাবেক আফগান সেনা ও স্থানীয় ইসলামি মৌলবাদীদের একছাতার তলায় এনে তালিবান বিরোধী যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে পাক বাহিনী। এই লক্ষ্যে বালোচিস্তানের ডালবন্দিনে বিশাল বিশেষ প্রশিক্ষণ শিবির স্থাপন করা হয়েছে। জানা গেছে, প্রশিক্ষণ শেষে এই যোদ্ধাদের পুনরায় আফগানিস্তানে পাঠিয়ে দেশটিকে নতুন করে রক্তাক্ত করার ছক কষা হচ্ছে।
নিজেদের দেশের চরম অর্থনৈতিক সংকটের মাঝেও পাক প্রশাসন এই চরমপন্থীদের প্রতিমাসে প্রায় ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা করে বেতন দিচ্ছে। খবর রয়েছে, খুব শীঘ্রই কুচলাক ও কোয়েটাতেও একই ধরণের আরও বেশ কয়েকটি সামরিক শিবির চালুর পরিকল্পনা রয়েছে তাদের। অতীতেও ডলারে অন্ধ হয়ে একইভাবে সোভিয়েত ইউনিয়ন কিংবা মার্কিনবিরোধী নীতিতে বারবার কৌশল বদলেছিল পাকিস্তান, যা প্রতিবারই আফগান ভূখণ্ডকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, সাম্প্রতিক সংঘাত ও টিটিপিকে মদত দেওয়ার পাল্টা অভিযোগে দুই দেশের সীমান্ত সম্পর্ক যখন তলানিতে, ঠিক তখনই আফগানিস্তানে ক্ষমতার ভারসাম্য ভেঙে নিজেদের প্রভাব ফেরাতে চরম ঝুঁকির এই চাল চালল মুনির প্রশাসন।