অবশেষে পেনশনভোগীদের মুখে হাসি, ইপিএফওর বৈঠকে ন্যূনতম পেনশন বাড়ানোর জোরালো সম্ভাবনা

ইমপ্লয়িজ পেনশন স্কিমের অধীনে দীর্ঘদিনের দাবি মেনে ন্যূনতম পেনশন বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। আগামী ১৯ নভেম্বর গুজরাটের গিরে অনুষ্ঠিত হতে চলা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের ২৪০তম বৈঠকে এই বিষয়ে বিশেষ প্রস্তাব আলোচনায় আসার জোর সম্ভাবনা রয়েছে। বর্তমানে অবসরপ্রাপ্ত কর্মচারীরা প্রতি মাসে ন্যূনতম এক হাজার টাকা পেনশন পেয়ে থাকেন, যা বর্তমান বাজারদরে জীবনযাত্রার খরচ মেটানোর পক্ষে অত্যন্ত অপ্রতুল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এই পরিস্থিতিতে ন্যূনতম মাসিক পেনশন এক ধাক্কায় অনেকটাই বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হতে পারে। ইতিপূর্বে শ্রম সংক্রান্ত সংসদীয় কমিটি এই পেনশন বাড়িয়ে সাড়ে সাত হাজার টাকা করার সুপারিশ করেছিল। যদিও কেন্দ্রীয় বাজেটে এই সংক্রান্ত কোনো ঘোষণা না থাকায় হতাশা তৈরি হয়েছিল, তবে আসন্ন ট্রাস্টি বোর্ডের বৈঠকে বিষয়টি পুনরায় গুরুত্ব পাওয়ার খবরে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন দেশজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি পেনশনভোগী।