পুরভোটের আগে নিউ আলিপুরের ক্যাফেতে চা-চক্র! তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম বিজেপি নেতার, নেপথ্যে কোন সমীকরণ?

কলকাতা পৌরসভার নির্বাচন দোরগোড়ায়। আর তার ঠিক আগেই প্রকাশ্য রাজনীতির চেনা ছক ভেঙে এক অচেনা রাজনৈতিক সমীকরণের ছবি সামনে এল। নিউ আলিপুরের একটি ক্যাফেতে মুখোমুখি বসে আড্ডা দিতে দেখা গেল তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস এবং বিজেপি নেতা সুমন বন্দ্যোপাধ্যায়কে। শুধু তাই নয়, ওই ক্যাফের একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, স্বরূপ বিশ্বাসের পা ছুঁয়ে প্রণাম করার চেষ্টা করছেন বিজেপি নেতা সুমন। এরপর দুই প্রতিপক্ষ দলের দুই নেতার মধ্যে বিজয়ার কোলাকুলিও হয়। ভোটমুখী বঙ্গে দুই ভিন্ন শিবিরের দুই প্রভাবশালীর এমন খোশমেজাজ ও সৌজন্য সাক্ষাতের এই ঘটনা মুহূর্তের মধ্যে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি করেছে।
এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে কথার লড়াই। বিজেপির এই পদক্ষেপকে তীব্র আক্রমণ করে তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় দাবি করেছেন, এতদিন যে বিজেপি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলত, তারাই আজ আত্মসমর্পণ করেছে। অন্য দিকে, এই সাক্ষাৎ নিয়ে বিজেপি নেতা সুমন বন্দ্যোপাধ্যায় একে নিছকই ব্যক্তিগত সৌজন্য বলে দাবি করলেও, স্বরূপ বিশ্বাসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভোটবাক্সে লড়াইয়ের ঠিক আগে দুই শিবিরের এই সৌহার্দ্যপূর্ণ ছবি নতুন করে জল্পনা উসকে দিয়েছে রাজ্য-রাজনীতিতে।