ইউরোপের রাজনীতিতে জেন জি ম্যাজিক! ছাত্রবিক্ষোভের ধাক্কায় সার্বিয়ায় মসনদ হারালেন ১০ বছরের দীর্ঘস্থায়ী শাসক

ইউরোপে ছড়িয়ে পড়া ছাত্রবিক্ষোভ এবার নির্বাচনী ময়দানেও ঐতিহাসিক পরিবর্তন আনল। প্রায় দুই বছর ধরে চলা ধারাবাহিক আন্দোলনের পর সার্বিয়ার সংসদীয় নির্বাচনে বাজিমাত করেছে পড়ুয়াদের দল ‘স্টুডেন্টস লিস্ট’। ২৫০ আসনের সার্বীয় পার্লামেন্টে অন্তত ১৪০টি আসনে জয় পেয়ে সরকার গড়ার স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তারা। বিপরীতে মাত্র ১০৫টি আসনে থমকে গিয়ে নির্বাচনে পরাজয় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট আলেকসান্দার ভুজিচ। রেলওয়ে স্টেশন দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই ছাত্র আন্দোলন শুরু হলেও পরবর্তীতে তা এক অভূতপূর্ব রাজনৈতিক বিপ্লবে রূপ নেয়।
ছাত্রদের রাজনৈতিক দল গঠনের প্রথম প্রচেষ্টাতেই এই জয় সার্বিয়ার আপামর জনতাকে উল্লাসে ভাসিয়েছে। ফ্রান্সে ক্রমবর্ধমান বিক্ষোভ, ইতালিতে ছাত্র আন্দোলন এবং ভারতের মতো দেশে তরুণদের সোচ্চার ভূমিকার মাঝেই সার্বিয়ার এই ফল বৈশ্বিক রাজনীতিতে এক নতুন বার্তা দিচ্ছে। তবে জয়ের আনন্দের সঙ্গেই রাজনৈতিক মহলে দানা বাঁধছে গভীর সংশয়। তরুণ ছাত্রনেতাদের দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতার অভাব থাকায় এই নতুন নেতৃত্ব সার্বিয়াকে সঠিক দিশা দেখাতে পারবে কি না, তা নিয়ে উদ্বিগ্ন বিশ্লেষকরা।