সাড়ে ১১ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩০০০ টাকা! অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুজোর ঠিক আগেই রাজ্য সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র অক্টোবরের কিস্তি উপভোক্তাদের কাছে পৌঁছে গিয়েছে। এই আবহে নতুন করে আরও ৮ লক্ষ যোগ্য মহিলার নাম এই তালিকায় যুক্ত হওয়ায় উপভোক্তার সংখ্যা হু হু করে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি কাকদ্বীপের এক জনসভা থেকে এই প্রসঙ্গেই বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, দক্ষিণ ২৪ পরগনা জেলাতেই অন্নপূর্ণা যোজনার জন্য ১৩ লক্ষ ৬ হাজার আবেদন জমা পড়েছিল, যার মধ্যে প্রায় সাড়ে ১১ লক্ষ মহিলার আবেদন ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে এবং তাঁদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হয়েছে।
অন্নপূর্ণা যোজনার পাশাপাশি এই সভা থেকে স্বাস্থ্য ও কর্মসংস্থান নিয়েও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার মাধ্যমে সারা দেশের ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ মিলবে বলে জানানো হয়। এছাড়া কর্মসংস্থান বাড়াতে নতুন জব কার্ড তৈরি এবং পুরনো কার্ডধারীদের জন্য ১২৫ দিনের কাজের পাশাপাশি দৈনিক ৩০০ টাকা মজুরি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামী এক বছরের মধ্যে রাজ্যে এক লক্ষ নতুন চাকরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।