ড্রাগনের চোখ রাঙানি রুখতে ভারতের মাস্টারস্ট্রোক, শিলিগুড়ি করিডোরে ইজরায়েলি অ্যারোস্ট্যাট রাডার মোতায়েন

চিন সীমান্ত সংলগ্ন কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা চিকেনস নেক এলাকার আকাশসীমা সুরক্ষায় বড় পদক্ষেপ নিল ভারতীয় সেনা। দুর্গম পাহাড় ও ভূপ্রকৃতির বাধা এড়িয়ে শত্রুপক্ষের গতিবিধির নিখুঁত নজরদারি চালাতে সেখানে মোতায়েন করা হয়েছে বিশ্বের অন্যতম সেরা প্রতিরক্ষামূলক প্রযুক্তি ইজরায়েলি অ্যারোস্ট্যাট রাডার। এস-৪০০ ডিফেন্স সিস্টেমের পাশাপাশি এই আধুনিক বেলুন রাডার আকাশপথের নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে তুলবে।
কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫০০ কিলোমিটার আকাশসীমায় নজরদারি চালাতে সক্ষম এই ৩-ডি রাডার কম উচ্চতায় উড়ে আসা ক্রুজ মিসাইল, স্টিলথ ড্রোন বা যুদ্ধবিমান দূর থেকেই শনাক্ত করতে পারে। পাশাপাশি সীমান্ত এলাকায় নতুন ডিজাইনের বেড়া, শক্তিশালী ক্যামেরা এবং তিনটি নতুন সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছে। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার যেকোনো চক্রান্ত রুখতে মাটির নিচে স্ট্র্যাটেজিক রেল করিডর গড়ার কাজও শুরু হয়েছে।